খেলাধুলা

অস্ট্রিয়া ম্যাচের আগে এক তারকাকে হারাল আর্জেন্টিনা

আপডেট: জুন ২০, ২০২৬ : ০৬:২১ এএম
অস্ট্রিয়া ম্যাচের আগে এক তারকাকে হারাল আর্জেন্টিনা

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল।

আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্টিয়েল। তবে গত কয়েক দিন অনুশীলনে পুরোপুরি অংশ নিতে না পারায় তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা শিবির।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, তার জায়গায় অস্ট্রিয়ার বিপক্ষে নাহুয়েল মলিনার শুরুর একাদশে খেলার সম্ভাবনা বেশি।

তবে আর্জেন্টিনা শিবির থেকে জানানো হয়েছে, মন্টিয়েলের চোট গুরুতর নয়। তিনি আজ ও রোববার হালকা অনুশীলন করবেন। ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে আবারও পাওয়া যেতে পারে।

এর আগে ক্যাম্পে যোগ দেওয়ার সময়ই অন্য পায়ের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন এই ডিফেন্ডার। সেই কারণে ক্লাব ফুটবলে শেষ কয়েকটি ম্যাচ ও জাতীয় দলের প্রস্তুতি ম্যাচও মিস করেছিলেন তিনি।

অন্যদিকে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে বিরতির পর নাহুয়েল মলিনা মাঠে নামেন। এবার অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে দেখা যেতে পারে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করবে লিওনেল স্কালোনির দল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!