কোডি গাকপো ও ব্রায়ান ব্রবের জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নেয় রোনাল্ড কোম্যানের দল।
প্রায় ৬৯ হাজার দর্শকের উপস্থিতিতে পাওয়া এই জয় নকআউট পর্বে ওঠার পথে ডাচদের অনেকটাই এগিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করা নেদারল্যান্ডস দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে। সুইডেনের সংগ্রহ ৩ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও পেয়ে যায় দ্রুত। পঞ্চম মিনিটে কোডি গাকপোর বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবে। ১৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি সুইডেন। ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে প্রতিপক্ষকে হতাশ করেন।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নেদারল্যান্ডস। ৪৭ ও ৫৪ মিনিটে টানা দুটি গোল করেন গাকপো। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।
৫৯ মিনিটে বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ দেন। তবে ম্যাচে ফেরার কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। শেষদিকে ক্রিসেনসিও সামারভিল গোল করে নেদারল্যান্ডসের বড় জয় নিশ্চিত করেন।
এই ম্যাচে ব্রবে প্রথমবারের মতো টুর্নামেন্টে শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করে কোচ কোম্যানের আস্থার প্রতিদান দেন। অন্যদিকে গাকপোও দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন।
সুইডেনের আক্রমণভাগে লিভারপুলের আলেকজান্ডার ইসাক ও আর্সেনালের ভিক্টর গিওকেরেস থাকলেও প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি। কয়েকটি সুযোগ তৈরি হলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি দলটি।
তবে এই হারেও শেষ ৩২-এ ওঠার আশা বেঁচে আছে সুইডেনের। গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে নেদারল্যান্ডস খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!