খেলাধুলা

মেসিই বিশ্বের সেরা, স্বীকার করলেন এমবাপ্পে

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৫:২১ এএম
মেসিই বিশ্বের সেরা, স্বীকার করলেন এমবাপ্পে

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিক পারফরম্যান্সের পর দেওয়া এক মন্তব্যে এমবাপ্পে বলেন, গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আসছেন মেসি। তিনি বলেন, “এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, এরপর আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৬ বছর ধরে সে তার অসাধারণ প্রতিভা দেখিয়ে চলেছে। তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না।”

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে আসেন মেসি। একই সঙ্গে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডের পাশে নাম লেখান তিনি।

ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে আরও বলেন, “আমি জানতাম মেসি গোল করা অব্যাহত রাখবে। সে সবসময়ই সেটাই করে। আমি তার পেছনে আছি।” বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে। জার্মানির গার্ড মুলারের সঙ্গে তার গোলসংখ্যা ১৪।

সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নিজের লক্ষ্য প্রসঙ্গে এমবাপ্পে বলেন, “আমি শুধু নিজের কাজটাই করতে চাই। জাতীয় দলকে সাহায্য করতে চাই এবং বিশ্বকাপ জিততে চাই।”

এর আগে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন এমবাপ্পে। ২০২২ সালের আসরে ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করে ফ্রান্স।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!