বিশ্বকাপের মাঝেই ক্লাব ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা দিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেও তার পরবর্তী গন্তব্য এখনো নিশ্চিত করেননি এই তারকা ফুটবলার।
ডালাসে বিশ্বকাপের ম্যাচ শেষে আলভারেজ বলেন, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনি দল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় এখন না হলেও পরিস্থিতির কারণে বিষয়টি প্রকাশ করতে বাধ্য হয়েছেন।
আলভারেজ বলেন, “আমি ক্লাবের মানুষের সঙ্গে কথা বলেছি। তারা সবাই আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং মনে করেছে, আমার স্বপ্ন পূরণের জন্য এই পদক্ষেপ সঠিক।”
তবে ঠিক কোন ক্লাবে যাচ্ছেন—এ বিষয়ে কিছু জানাননি তিনি। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এর আগে স্প্যানিশ ও ইউরোপীয় গণমাধ্যমে দাবি করা হয়, আলভারেজকে দলে নিতে রিয়াল মাদ্রিদের বড় অঙ্কের প্রস্তাব অ্যাতলেটিকো প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) আগ্রহের কথাও শোনা গেছে।
দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক পোস্টে দাবি করেন, আলভারেজ নাকি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী এবং ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্সেলোনার কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যায়নি। ক্লাবটির দাবি, রিলিজ ক্লজ অনুযায়ী বড় অঙ্কের অর্থ ছাড়া কোনো আলোচনা সম্ভব নয়।
ম্যানচেস্টার সিটি থেকে ২০২৪ সালে অ্যাতলেটিকোতে যোগ দেওয়া আলভারেজ বর্তমানে বিশ্বকাপে আর্জেন্টিনার দলে আছেন। ইনজুরি কাটিয়ে টুর্নামেন্টে দুই ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমেছেন তিনি। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “এখনো কিছু চূড়ান্ত হয়নি, কখন সিদ্ধান্ত হবে তা বলা যাচ্ছে না।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!