খেলাধুলা

বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি, শিরোপার সঙ্গে জিতলেন গোল্ডেন বল

আপডেট: জুলা ২০, ২০২৬ : ০৫:২৭ এএম
বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি, শিরোপার সঙ্গে জিতলেন গোল্ডেন বল

বিশ্বকাপ শিরোপার সঙ্গে ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতিও পেলেন স্পেনের অধিনায়ক রদ্রি। ২০২৬ বিশ্বকাপে অসাধারণ নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন এই মিডফিল্ডার।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। শিরোপা জয়ের পর টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে ৩০ বছর বয়সী রদ্রির হাতে।

পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত রদ্রি বলেন, ‘এখনও মনে হচ্ছে আমরা স্বপ্ন দেখছি। কী অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’ ২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডারের জন্য গত দুই বছর ছিল চ্যালেঞ্জে ভরা। ২০২৪ সালের সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে হাঁটুর এসিএল ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। দীর্ঘ পুনর্বাসনের পর ২০২৫ সালের মে মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন তিনি।

সেই কঠিন সময়ের কথা স্মরণ করে রদ্রি বলেন, ‘সময়টা খুব কঠিন ছিল। আমি চাই নতুন প্রজন্ম একটি বিষয় শিখুক—পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো যায়।’

তিনি আরও বলেন, ‘এটাই আমার জীবনের দর্শন। সব সময় সবকিছু ভালো যাবে না। কঠিন সময়ও আসবে। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না।’ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে দেওয়া বার্তার কথাও জানান স্পেন অধিনায়ক।

‘আমি সবাইকে বলেছিলাম, ভয় না পেয়ে জয়ের জন্য খেলতে হবে। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে হবে। এরপর ভাগ্যে যা লেখা আছে, সেটাই হবে,’ বলেন রদ্রি।

তাঁর ভাষায়, ‘আমরা সাহস নিয়ে খেলেছি। আর শেষ পর্যন্ত সেই সাহসই আমাদের বিশ্বকাপ এনে দিয়েছে।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!