খেলাধুলা

‘মেসি চ্যাম্পিয়ন হলে সারা বিশ্বেই আনন্দ হতো’

আপডেট: জুলা ২০, ২০২৬ : ০৫:৩৪ এএম
‘মেসি চ্যাম্পিয়ন হলে সারা বিশ্বেই আনন্দ হতো’

শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠেন স্পেনের সমর্থকেরা। আর ধীরে ধীরে নীরবে স্টেডিয়াম ছাড়তে থাকেন আর্জেন্টিনার সমর্থকেরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের পর দুই শিবিরের আবেগে ছিল স্পষ্ট বৈপরীত্য।

বিশ্বকাপজুড়ে গ্যালারিতে সবচেয়ে প্রাণবন্ত সমর্থকদের অন্যতম ছিল আর্জেন্টিনা। প্রতিটি ম্যাচেই নীল-সাদা জার্সিধারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও দলটির সমর্থনে জমায়েত হয়েছিল হাজারো মানুষ। ফাইনালের আগের দিন নিউইয়র্কের টাইমস স্কয়ারেও ছিল আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস।

কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারের পর সেই উচ্ছ্বাস মুহূর্তেই বদলে যায় বিষাদে।

স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় এক আর্জেন্টাইন সমর্থক বলেন, ‘পুরো টুর্নামেন্টে মেসিই আমাদের টেনে এনেছেন। আজ তিনি নিজের সেরা খেলাটা খেলতে পারেননি, সেটার প্রভাব ম্যাচে পড়েছে। তারপরও তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। তিনি আমাদের বিশ্বকাপ জিতিয়েছেন, এবারও ফাইনালে তুলেছেন।’

আরেক সমর্থক স্পেনের সাফল্য মেনে নিয়েই বলেন, ‘স্পেন ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের অভিনন্দন। তবে মেসি চ্যাম্পিয়ন হলে শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বেই আনন্দ হতো। এটাই সবচেয়ে বড় পার্থক্য।’

বাংলাদেশি সাংবাদিক পরিচয় জানার পর আরেক সমর্থক বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কথাও স্মরণ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার অসংখ্য সমর্থক আছে। আমরা জানি, আজ জিতলে সেখানেও উৎসব হতো। আশা করি, আপনারা আমাদের সমর্থন করে যাবেন। আমরা আবারও ফিরব।’

হারের কষ্ট থাকলেও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ছিল সংযম। অনেকেই হতাশা নিয়েই স্টেডিয়াম ছাড়েন, তবে প্রতিপক্ষের সাফল্যও স্বীকার করেন। ফুটবলে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবেই মেনে নেওয়ার মানসিকতাই যেন দেখা গেল তাঁদের আচরণে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!