খেলাধুলা

বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পুরস্কার পেল স্পেন

আপডেট: জুলা ২১, ২০২৬ : ০৬:০৫ এএম
বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পুরস্কার পেল স্পেন

২৩তম ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার পেয়েছে স্পেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৫ কোটি টাকা।

রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ অর্থ পুরস্কারও ঘরে তোলে দলটি।

ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৭ কোটি টাকার সমান। এর আগে ফিফা জানিয়েছিল, এবারের বিশ্বকাপে মোট পুরস্কার তহবিল রাখা হয়েছে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। কাতার বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। সে আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।

এবার তৃতীয় স্থান অধিকারী ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে ২ কোটি ৭০ লাখ ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড—প্রতিটি দল পেয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার করে।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, মিশর ও কলম্বিয়া পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে। শেষ ৩২ দলের পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দল পেয়েছে ১ কোটি ১০ লাখ ডলার করে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ১৬টি দলকে দেওয়া হয়েছে ৯০ লাখ ডলার করে।

এ ছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ব্যয় বাবদ ১ কোটি ৫০ লাখ ডলার করে অনুদান দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!