খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওটামেন্ডি

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওটামেন্ডি

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক। আর্জেন্টিনার হয়ে ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওটামেন্ডি। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা। তবে বিশ্বকাপের ফাইনালে ১–০ গোলে হারের মধ্য দিয়েই শেষ হয়েছে তাঁর আন্তর্জাতিক অধ্যায়।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে অবসরের ঘোষণা দেন ওটামেন্ডি। তিনি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যটাই এমন যে, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। যদিও আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবু মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’

জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য।’ তবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন ওটামেন্ডি। সম্প্রতি তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। এর আগে ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে প্রায় ১৬ বছর খেলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বিদায়ী বার্তায় ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের উদ্দেশেও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ওটামেন্ডি। তিনি লেখেন, ‘আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি। কখনো বিশ্বাস হারাইনি। আর্জেন্টিনার জার্সি গায়ে তোলাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তোমরাও কখনো বিশ্বাস হারাবে না। হয়তো কখনো মনে হবে লক্ষ্য অর্জন অসম্ভব, কিন্তু এই জার্সি শেষ পর্যন্ত তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে।’

শেষে তিনি বলেন, ‘মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমার স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমি বিশ্বাস করি, আমাদের ইতিহাসের পরবর্তী অধ্যায় তোমরাই লিখবে।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!