খেলাধুলা

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা রিয়ালের, চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

আপডেট: অক্টো ১৫, ২০২৬ : ০৫:৫৩ এএম ৬ ০
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা রিয়ালের, চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার ঘটনায় লাল কার্ড দেখার পর চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে তাঁকে পাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। বুধবার দিবাগত রাতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে। গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় সহিংস আচরণের জন্য তাঁকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে আক্রমণাত্মক আচরণের কারণে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁকে।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধে। নাথান সালিবার চুল টেনে ধরার কিছুক্ষণ পর জুড বেলিংহামের পাস থেকে গোল করেছিলেন ভিনিসিয়ুস। তাতে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় ভিনিসিয়ুসের আগের আচরণটি ধরা পড়লে গোলটি বাতিল করা হয়। একই সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের এই তারকাকে।

ফেডারেশনের শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়েছে, বল খেলার সুযোগ না থাকা অবস্থায় সহিংস আচরণের জন্য ভিনিসিয়ুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে আক্রমণাত্মক ভঙ্গিতে তর্ক করা এবং সতীর্থদের হস্তক্ষেপ করে তাঁকে নিয়ন্ত্রণ করার পরিস্থিতি তৈরি হওয়ায় বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই শাস্তির কারণে আগামী রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। এরপর ২৫ অক্টোবর বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোতেও থাকবেন না তিনি। পাশাপাশি রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না রিয়ালের এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় ফিরতে পারবেন তিনি।

নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ ভিনিসিয়ুস

নিষেধাজ্ঞার খবর প্রকাশের প্রায় দুই ঘণ্টা পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ৪-৩ গোলে জয়ের পর শাস্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভিনিসিয়ুস।

তিনি বলেন, ‘চুল টেনে ধরার বিষয়টি নিয়ে আমাদের কখনো ব্যাখ্যা দেওয়া হয়নি। লা লিগা ও রেফারিদের সংগঠনের কেউ নিয়মকানুন বোঝাতে সব সময় আসেন, কিন্তু এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে কখনো কিছু বলেননি।’

নিজের প্রতি রেফারিদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এই ব্রাজিলিয়ান তারকা। তাঁর ভাষ্য, ‘আমার ক্ষেত্রে লাল কার্ড দেওয়া হয়েছে, ব্যস—এটাই। আমি কখনো অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে সহিংস আচরণ করিনি। আমাকে অনেক আঘাত করা হয়, অথচ শেষ পর্যন্ত কার্ড দেখতে হয় আমাকেই।’

শাস্তি ঘোষণার সময় নিয়ে প্রশ্ন মরিনিয়োর

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা ঘোষণার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়ো। তাঁর মতে, গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে শাস্তির ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক।

মরিনিয়ো বলেন, ‘কমিটি কেন এই মুহূর্তে শাস্তি ঘোষণা করল, সেটাই প্রশ্ন। আপনি যদি এই প্রশ্ন করেন, তাহলে নিশ্চয়ই মনে করছেন এর প্রভাব তার ওপর পড়তে পারে। তা না হলে আমাকে প্রশ্নটি করতেন না।’

তিনি আরও বলেন, ‘কমিটিকে জিজ্ঞাসা করা উচিত, তারা কেন আজ সকালে কিংবা আগামীকাল সকালে শাস্তির ঘোষণা দিল না। কেন রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে তা ঘোষণা করল? ভুলে গেলে চলবে না, রিয়াল মাদ্রিদ স্পেনেরই একটি ক্লাব।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!