খেলাধুলা

বিগ ব্যাশে আবারও হোবার্টে রিশাদ, জাম্পার সঙ্গে লেগস্পিন আক্রমণে

আপডেট: অক্টো ১৫, ২০২৬ : ০৫:৫৫ এএম ৭ ০
বিগ ব্যাশে আবারও হোবার্টে রিশাদ, জাম্পার সঙ্গে লেগস্পিন আক্রমণে

প্রথমবার বিগ ব্যাশ লিগে খেলেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও তাঁকে দলে রেখেছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি। আগামী মৌসুমে অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে রিশাদকে নিয়ে বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা হোবার্টের।

বুধবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে রিশাদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে ১২ ম্যাচ খেলে ২০.৮৬ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ইকোনমি রেট ছিল ৭.৮২। সেরা বোলিং ছিল ২৬ রানে ৩ উইকেট।

দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছিলেন রিশাদ। মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এবারও তাঁকে দলে পাওয়ায় সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিটি।

হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস জানিয়েছেন, গত মৌসুমে হোবার্টে রিশাদের অভিজ্ঞতা ভালো ছিল এবং তিনি আবারও ফিরতে আগ্রহী ছিলেন। তাঁর এই আগ্রহকে গুরুত্ব দিয়েই তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমস বলেন, ‘রিশাদ আমাদের কাছে পরিষ্কার করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করেছে। অ্যাডাম জাম্পাকে যুক্ত করায় আমাদের দলের গঠন কিছুটা বদলে গিয়েছিল। কিন্তু রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হারিকেন্সে ফিরতে এতটা আগ্রহী, তখন তাকে ফিরিয়ে আনার সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’

রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে বিমস আরও বলেন, ‘গত মৌসুমে সে আমাদের জন্য অসাধারণ ছিল। প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে মৌসুম শেষ করা তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করে।’

রিশাদ-জাম্পাকে নিয়ে নতুন পরিকল্পনা

দলে রিশাদ ও জাম্পার মতো দুজন মানসম্পন্ন লেগস্পিনার থাকায় বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়বে বলে মনে করছে হোবার্ট। কন্ডিশন ও প্রতিপক্ষের ধরন বিবেচনায় নিয়ে দুজনকে কাজে লাগানোর সুযোগ থাকবে তাদের সামনে।

বিমস বলেন, ‘এখন আমাদের দলে উচ্চমানের দুজন লেগস্পিনার রয়েছে, যাদের শক্তির জায়গা আলাদা। ফলে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের সামনে বেশ আকর্ষণীয় কিছু বিকল্প থাকবে। গত গ্রীষ্মে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দুজনকে একই দলে পাওয়ায় আমাদের কৌশলগত নমনীয়তা অনেক বাড়বে এবং বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ হবে।’

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৬তম আসর। এই আসরে হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে রিশাদ ও জাম্পার পাশাপাশি রয়েছেন মার্কাস বিন, ইয়ান কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!