লিওনেল মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শনিবার আটলান্টার মাঠে পাওয়া এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি। প্লে-অফ সামনে রেখে এটি মায়ামির টানা তৃতীয় জয়।
ম্যাচে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি। এ নিয়ে চলতি এমএলএস মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫। প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। তাঁর চেয়ে ছয় গোল পিছিয়ে আছেন এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসা ও ফিলাডেলফিয়ার মিলান ইলোস্কি।
মায়ামির হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন জার্মান বেরতেরামে। বিরতির ঠিক আগে মেসির হেড থেকে পাওয়া বল প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে বক্সের মধ্যে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। বেরতেরামে হেডে বল জালে পাঠালে ৪৫ মিনিটে এগিয়ে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে নিজের দক্ষতার ঝলক দেখান মেসি। ৫৬ মিনিটে সতীর্থ বেরতেরামের পাস পেয়ে আটলান্টার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় ২-০।
এর মাত্র চার মিনিট পর আবারও গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সুয়ারেজের পাস পেয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে আটলান্টার গোলরক্ষক লুকাস হোইসকে পরাস্ত করেন মেসি। তাঁর দ্বিতীয় গোলেই ম্যাচে আরও শক্ত অবস্থানে পৌঁছে যায় মায়ামি।
ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন আটলান্টার ফাফা পিকল্ট। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী দল।
এই ম্যাচে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এর ফলে অ্যাসিস্টের তালিকায় লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কৃতিত্বও অর্জন করেছেন এই আর্জেন্টাইন তারকা।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আবেগঘন বিদায়ী ম্যাচ খেলার পর তিন ম্যাচে চারটি গোল করেছেন মেসি। গত মাসে কোচের দায়িত্ব নেওয়া ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের অধীনে টানা তৃতীয় জয় পেল মায়ামি। বুধবারই প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।
অন্যদিকে, ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থাকা আটলান্টা ইউনাইটেডের প্লে-অফে খেলার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!