খেলাধুলা

সব ফেডারেশনকে বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার

আপডেট: অক্টো ১৯, ২০২৬ : ০৫:২৮ এএম ৪ ০
সব ফেডারেশনকে বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার

দেশের সব ক্রীড়া ফেডারেশনকে বছরজুড়ে অন্তত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরিতে সহায়তা করার প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। ক্রীড়া খাতকে পেশাদার কাঠামোয় গড়ে তোলা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার রাজধানীর পল্টনে এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে এ কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া খাতকে পেশাদারত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা ইতিমধ্যে সব ফেডারেশনকে দেওয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।

খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, খেলোয়াড়েরা নিয়মিত পারফর্ম না করলে তাঁদের যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয়। এ কারণে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাইয়ে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেক খেলোয়াড় ক্রীড়াভাতা থেকে বাদ পড়ছেন, আবার নতুন ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি তাঁদের নিয়মিত প্রতিযোগিতায় সক্রিয় রাখার লক্ষ্য রয়েছে সরকারের। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!