খেলাধুলা

‘ইয়ামালকে বলই পেতে দেবে না পিএসজি’

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:৩১ এএম ৪ ০
‘ইয়ামালকে বলই পেতে দেবে না পিএসজি’

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে দলটি। এবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে তারা।

বার্সেলোনাকে থামাতে হলে তাদের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিষ্ক্রিয় করে রাখতে হবে বলে মনে করেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে ইয়ামালকে আটকানোর জন্য আলাদা কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর করতে চান না এনরিকে। তাঁর মতে, বার্সেলোনার আক্রমণ সামলানোর সবচেয়ে কার্যকর উপায় হলো দলগতভাবে খেলা এবং ইয়ামালের পায়ে বল যাওয়া যতটা সম্ভব কমিয়ে দেওয়া।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার কাছ থেকে বল দূরে রাখা। সে যদি বল না পায়, সবকিছু ঠান্ডা থাকবে। এটাই হবে আদর্শ, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে না। কারণ বার্সেলোনা ও লামিন ইয়ামালের বিপক্ষে খেলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘তাদের মানের দলকে প্রতিহত করার উপায় হলো সতর্ক থাকা এবং দলগত খেলা। কিন্তু এটা শুধু লামিন নয়, রাফিনিয়া, পেদ্রি... আরও অনেক সেরা খেলোয়াড় আছে।’

গত বছর বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি। সেই ম্যাচে ইয়ামালের সঙ্গে পিএসজির লেফটব্যাক নুনো মেন্দেসের দ্বৈরথ ছিল বেশ উপভোগ্য। তবে চোটের কারণে এবার খেলতে পারবেন না পর্তুগিজ এই ডিফেন্ডার। ফলে ইয়ামালকে সামলানোর দায়িত্ব পড়তে পারে লুকাস বেরালদোর ওপর।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইয়ামাল বার্সেলোনার হয়ে ১১ ম্যাচের জয়ের ধারায় করেছেন ৯ গোল, সঙ্গে রয়েছে ১০টি অ্যাসিস্ট। মাঠে তাঁর গতি, ড্রিবলিং ও সৃজনশীলতা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!