খেলাধুলা

রেফারিকে ‘জালিম’ বলায় পাঁচ ম্যাচ নিষিদ্ধ মিসরের ফুটবলার

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:৩৪ এএম ৪ ০
রেফারিকে ‘জালিম’ বলায় পাঁচ ম্যাচ নিষিদ্ধ মিসরের ফুটবলার

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁকে ‘জালিম’ বলেছিলেন মিসরের ফুটবলার মোস্তাফা জিকো। সেই মন্তব্যের জেরে এবার পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

একই ঘটনায় মিসরের কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ এবং জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। সোমবার মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। তবে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়ে আবেদন করেছে সংস্থাটি। আইনি দিক পর্যালোচনা করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা-ও বিবেচনা করছে তারা।

গত ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মিসর। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান কোচ হোসাম হাসান। তাঁর অভিযোগ ছিল, রেফারির ভুল সিদ্ধান্তের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাঁর দল।

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারির সমালোচনা করতে গিয়ে মোস্তাফা জিকো বলেন, ‘রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন।’

যে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয়েছিল আক্রমণের আগে ফাউলের কারণে। পরে স্কোর ২-২ থাকা অবস্থায় ম্যাচের শেষ দিকে পেনাল্টির দাবি জানিয়েছিলেন মিসরের খেলোয়াড়েরা। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচ পরিচালনা নিয়ে ওঠা অভিযোগের জবাবে ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনা রেফারির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর মতে, এ ধরনের অভিযোগ রেফারি ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি হুমকির ঝুঁকি তৈরি করতে পারে।

নিষেধাজ্ঞার প্রভাব

ফিফার এই সিদ্ধান্তের ফলে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে মিসরের ম্যাচগুলোতে কোচ হোসাম হাসান ও পরিচালক ইব্রাহিম হাসানকে নাও পাওয়া যেতে পারে।

নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ জানার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!