খেলাধুলা

মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:৫৬ এএম ৫ ০
মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হিসেবে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আসন্ন আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।

আগামী ২৮ অক্টোবর ভারতের কেরালা রাজ্যের কোচিতে হতে যাওয়া এই নিলামের জন্য মোট ১৪৬ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১১৯ জন ভারতীয় এবং ২৭ জন বিদেশি ক্রিকেটার।

গত আসরের নিলামে বাংলাদেশের মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খানের নাম ছিল। তবে এবার তাঁদের কাউকেই চূড়ান্ত তালিকায় রাখা হয়নি। বাংলাদেশের ক্রিকেটাররা নিলামের জন্য নিবন্ধন করেননি, নাকি নিবন্ধন করেও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুই দেশের ক্রিকেট সম্পর্কে টানাপোড়েন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও প্রভাব ফেলেছে। গত মৌসুমে ছেলেদের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। তবে টুর্নামেন্ট শুরুর আগে তাঁকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা।

এরপর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। একই বছরের আগস্ট-সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও সরকারের অনুমতি না পাওয়ায় সফরটি স্থগিত করে বিসিসিআই।

এমন পরিস্থিতিতে ডব্লিউপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের নাম না থাকা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। তবে নিলামের তালিকায় বাংলাদেশের কেউ না থাকার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে দুই ক্রিকেটার

আগামী ২৮ অক্টোবর কোচিতে ডব্লিউপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। ২৭টি জায়গার বিপরীতে নিবন্ধন করেছেন ১৪৬ জন ক্রিকেটার।

নিলামে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সোফি ডাঙ্কলি ও সোফি মলিনিউ। ৪০ লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন জেস জোনাসেন, হেইদার গ্রাহাম, কিরান নাভগিরে ও জি কমলিনী।

এ ছাড়া ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছেন ৩০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিসের মতো পরিচিত ক্রিকেটাররা।

নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের কোনো ক্রিকেটার না থাকায় এবারের ডব্লিউপিএলে বাংলাদেশি প্রতিনিধিত্বের সুযোগ আপাতত দেখা যাচ্ছে না।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!