ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। সবকিছু অনুকূলে না থাকলে আগামী জানুয়ারির দলবদলেই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারেন পর্তুগিজ এই মিডফিল্ডার। তুরস্কের সংবাদমাধ্যম ফানাতিক–এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রুনোর সঙ্গে নতুন চুক্তি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আলোচনা চললেও এখনো কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান তিনি। নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানুয়ারিতে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।
ব্রুনোর সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। এর আগে গত গ্রীষ্মকালীন দলবদলেও তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল তুর্কি ক্লাবটি। তবে সে সময় ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রস্তাবে রাজি হয়নি।
ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা অবশ্য নতুন নয়। দলটির হয়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই মিডফিল্ডার। তবে ক্লাবের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর অসন্তুষ্টির খবর আগেও সামনে এসেছে।
এখন নতুন চুক্তি নিয়ে আলোচনা কোন দিকে এগোয়, সেটিই দেখার বিষয়। ব্রুনো শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন, নাকি জানুয়ারিতেই নতুন ঠিকানায় পাড়ি জমাবেন—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!