আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত খেলার সুযোগ পেলে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলও অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের অধিনায়ক ইসমেতারা নিশি। ভারতের বিপক্ষে ফাইনালে হারের পরও সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসা করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে আন্তর্জাতিক অঙ্গনে দলের দীর্ঘ বিরতির কথা মনে করিয়ে দিয়ে নিশি বলেন, ‘আসলে আমরা তো টুর্নামেন্ট পাই না। আমরা ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, তারপরে আবার ২০২৪’এ এসে খেললাম। আমরা যদি প্রতিনিয়ত এরকম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে আমরাও অনেক ভালো করতে পারব। কারণ আমরা যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারব আমাদের তত বেশি উন্নতি হবে, খেলোয়াড়দের ভেতরে তত বেশি আত্মবিশ্বাস আসবে, দক্ষতা বাড়বে এবং তারা আরও ভালো করবে।’
প্রতিবেশী ভারতের সঙ্গে ম্যাচ খেলার সুযোগের পার্থক্য তুলে ধরে বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘ভারত সারা বছর অনেক ম্যাচ খেলে। ওরা সামনে বিশ্বকাপ খেলতে যাবে, ওরা কমনওয়েলথ গেম খেলে, এশিয়ান পর্যায়ে বিভিন্ন টুর্ণামেন্টে অংশ নেয়। আমাদের তো সেরকম ম্যাচ হয় না, আমাদের তো অংশগ্রহণই করা হয় না। আমরা যদি এইসব টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে এবং আমরাও একসময় অনেক দূর এগিয়ে যাব।’
শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের মূল্যায়ন করতে গিয়ে নিশি বলেন, ‘আমাদের কোচ যেভাবে খেলতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই চেষ্টা করেছি। আমাদের পজিশন ভালো ছিল, সর্বোপরি সব দিক দিয়েই ভালো ছিল। তবে মাঝে মাঝে আমাদের খেলা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। তাছাড়া ওদের গোলরক্ষক কিছু নিশ্চিত গোল সেভ করায় আমরা পিছিয়ে পড়ি। এরপরও আমরা সব দিক দিয়ে ভালো করার চেষ্টা করেছি। আমি মনে করি আমার দলের প্রতিটি খেলোয়াড়ই ভালো খেলেছে এবং নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়েছে।’
ফাইনালে ভারতের শারীরিক উচ্চতার ভীতি কাটিয়ে প্রথম ১০ মিনিট সমানে সমান লড়াই করেছিল আনা আলোনসো ফ্রাগুয়ার দল। প্রথমার্ধে ভারত ১৪-৯ গোলে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে ব্যবধান বাড়িয়ে নেয় সফরকারীরা। ম্যাচে অবিশ্বাস্য সব সেভ করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভারতীয় গোলরক্ষক দিকশা কুমারী। চার জাতির এই টুর্নামেন্টে লিগ পর্বে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!