খেলাধুলা

ব্যালন ডি’অরের জমকালো আয়োজন কখন, কোথায়, কারা ফেভারিট

আপডেট: অক্টো ২৬, ২০২৬ : ০৬:১২ এএম ১ ০
ব্যালন ডি’অরের জমকালো আয়োজন কখন, কোথায়, কারা ফেভারিট

ফুটবলের ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর। ২০২৫-২৬ মৌসুমে বিশ্বের সেরা ফুটবলার কে, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে পুরস্কার বিতরণের মূল অনুষ্ঠান।

এবারের আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। তবে আলোচনায় আছেন লিওনেল মেসিসহ আরও কয়েকজন তারকাও। এবারের অনুষ্ঠান ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ। সবচেয়ে বড় ঘটনা, পুরস্কারটির ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠান। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসবে তারকাদের মিলনমেলা।

ব্যালন ডি’অর কী, শুরু যেভাবে

আগের মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করা ফুটবলারকে দেওয়া হয় ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল-এর দুই সাংবাদিক গ্যাব্রিয়েল হানো ও জ্যাক ফেরান এই পুরস্কারের প্রচলন করেন।

শুরুতে শুধু ইউরোপীয় ফুটবলারদের দেওয়া হতো পুরস্কারটি। ১৯৯৫ সালে ইউরোপের ক্লাবগুলোতে খেলা যেকোনো দেশের ফুটবলারদের জন্য এটি উন্মুক্ত করা হয়। ২০০৭ সাল থেকে বিশ্বের সব পেশাদার ফুটবলার এই পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন।

নারী ফুটবলারদের জন্য ব্যালন ডি’অর চালু হয় ২০১৮ সালে। প্রথমবার এই পুরস্কার জেতেন নরওয়ের আদা হেগারবার্গ। ২০২৪ সাল থেকে ফ্রান্স ফুটবল ও লেকিপ-এর মালিকগোষ্ঠী আমরি এবং উয়েফা যৌথভাবে এই পুরস্কার আয়োজন করছে।

ভোটে নির্বাচিত হন বিজয়ীরা

ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচন করেন আন্তর্জাতিক সাংবাদিকদের একটি জুরি। পুরুষদের পুরস্কারের জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের এবং নারী বিভাগের জন্য শীর্ষ ৫০টি দেশের একজন করে সাংবাদিক ভোট দেন।

প্রতিটি বিভাগের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে জুরির সদস্যরা নিজেদের বিবেচনায় সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেন। তাঁদের দেওয়া ভোটের ভিত্তিতে পয়েন্ট নির্ধারিত হয়। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয় স্থানের জন্য ১২, তৃতীয় স্থানের জন্য ১০ এবং পরবর্তী স্থানগুলোর জন্য যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়। সব মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড় জেতেন ব্যালন ডি’অর।

এবারের পুরস্কারের জন্য খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনার সময়সীমা ছিল ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত।

ভোট দেওয়ার ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়—ব্যক্তিগত নৈপুণ্য ও ম্যাচের ফল নির্ধারণে অবদান, দলীয় সাফল্য এবং খেলোয়াড়ের মান ও ক্রীড়াসুলভ আচরণ।

পুরুষদের বিভাগে কারা এগিয়ে

এবার পুরুষদের ব্যালন ডি’অরের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আলোচনায় রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ইয়ামাল ও এমবাপ্পে নিজেদের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে আশাবাদ জানিয়েছেন। তবে এভাবে নিজেদের সম্ভাব্য বিজয়ী হিসেবে তুলে ধরার বিষয়টি অনেক বিশ্লেষক ও সাবেক ফুটবলারের ভালো লাগেনি।

বায়ার্নের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা কেইনের দাবি, গোলের পরিসংখ্যানই তাঁর অবস্থান তুলে ধরার জন্য যথেষ্ট। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও আলোচনার বাইরে নন। ৩৯ বছর বয়সেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

ফ্রান্সের ফুটবল মহলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়দের নিয়েও আলোচনা রয়েছে। ক্লাবটির সাফল্যের কারণে খভিচা কাভারাতস্খেলিয়া, উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজের নাম উঠে আসছে। স্পেনের রদ্রিও রয়েছেন আলোচনায়।

বেটিং বাজারের হিসাব অনুযায়ী, কেইন এগিয়ে রয়েছেন। এরপর আছেন ইয়ামাল ও এমবাপ্পে। শীর্ষ পাঁচে মেসি ও রদ্রিও রয়েছেন।

নারী বিভাগে পুতেল্লাসের সম্ভাবনা

নারীদের ব্যালন ডি’অরের দৌড়ে স্পেনের অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেল্লাসকে এগিয়ে রাখছেন অনেকে। বার্সেলোনার হয়ে তাঁর আগের সাফল্যের মধ্যে রয়েছে লিগা এফ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

২০২১ ও ২০২২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন পুতেল্লাস। বর্তমানে লন্ডন সিটি লায়োনেসে খেলা এই ফুটবলার এবার নিজের তৃতীয় পুরস্কারের অপেক্ষায়। তা হলে বর্তমান বিজয়ী আইতানা বোনমাতির তিনবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ডের সমকক্ষ হবেন তিনি।

এবারের লড়াইয়ে আরও রয়েছেন ম্যানচেস্টার সিটির খাদিজা শ, বার্সেলোনার এওয়া পাজোর এবং লিওঁর মেলচি দুমোরনে।

কখন, কোথায় হবে অনুষ্ঠান

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান হবে যুক্তরাজ্যের লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। আয়োজকদের প্রত্যাশা, প্রায় দুই হাজার অতিথি উপস্থিত থাকবেন। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জেতা ইংল্যান্ডের কিংবদন্তি উইঙ্গার স্ট্যানলি ম্যাথুসকে সম্মান জানাতেও এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

বাংলাদেশ সময় রাত ১২টা থেকে রেড কার্পেটে অংশ নেবেন মনোনীত খেলোয়াড়, কোচ ও অন্যান্য তারকা। এর দুই ঘণ্টা পর শুরু হবে মূল অনুষ্ঠান। সঞ্চালনায় থাকবেন ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি ও ক্রীড়া সাংবাদিক কেট স্কট। মঞ্চে সংগীত পরিবেশন করবেন মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মন্তানা ও ইংলিশ গায়িকা জর্জা স্মিথ।

কোথায় দেখা যাবে অনুষ্ঠান

এশিয়ার কোনো অঞ্চলের টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারের কথা নেই। তবে বেশির ভাগ দেশে ডিএজেডএন বিনা মূল্যে সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয়েছে। এ ছাড়া ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটেও অনুষ্ঠানটি দেখা যাবে।

সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছেন মেসি

ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা এখন পর্যন্ত আটবার পুরস্কারটি জিতেছেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জেতার রেকর্ডও তাঁর।

পাঁচবার পুরস্কার জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছিলেন পিএসজির উসমান দেম্বেলে। এর আগের বছর পুরস্কারটি জিতেছিলেন স্পেনের রদ্রি।

আরও যেসব পুরস্কার দেওয়া হবে

পুরুষ ও নারী বিভাগের ব্যালন ডি’অরের পাশাপাশি এবারের অনুষ্ঠানে আরও কয়েকটি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

পুরুষ ও নারী কোপা ট্রফি—অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের জন্য

পুরুষ ও নারী ইয়াশিন ট্রফি—সেরা গোলরক্ষকের জন্য

পুরুষ ও নারী গার্ড মুলার ট্রফি—সেরা স্ট্রাইকারের জন্য

পুরুষ ও নারী ইয়োহান ক্রুইফ ট্রফি—সেরা কোচের জন্য

পুরুষ ও নারী বর্ষসেরা ক্লাবের পুরস্কার

সক্রেটিস পুরস্কার—মানবিক কাজ, দাতব্য প্রকল্প ও সামাজিক সংহতিতে অবদানের জন্য

সব মিলিয়ে ১৩টি পুরস্কার দেওয়া হবে এবারের অনুষ্ঠানে। বিশ্বের সেরা ফুটবলারদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ফুটবলের মাঠে ও মাঠের বাইরে অবদানের স্বীকৃতিও তুলে ধরা হবে এই আয়োজনের মাধ্যমে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!