ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার জন্য নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। এরপরই ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্যও তিনি নাম নিবন্ধন করতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সরাসরি নাকচ করেছেন আমির।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমির লিখেছেন, ‘সবাইকে হাই জানাচ্ছি, একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আইপিএল সংক্রান্ত যে খবরগুলো ছড়িয়েছে, সেটা সত্যি নয়।’
চলতি বছর ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। এরপর এপিএলে নাম নিবন্ধন করায় আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকায় ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করে তিনি টুর্নামেন্টটিতে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছিল।
স্ত্রী নার্জিস খানের সুবাদে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। চলতি বছরের শুরুতে বিদেশি খেলোয়াড় হিসেবে দ্য হান্ড্রেডের ড্রাফটে অবিক্রীত থাকলেও পরে স্থানীয় খেলোয়াড় হিসেবে দল পান তিনি।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। সে সময় নিজের ব্রিটিশ নাগরিকত্ব ও স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি এখন স্থানীয় ব্রিটিশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় যখন স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে চান, তখন একটি চুক্তি করতে হয় যে আপনি স্থানীয় হিসেবে অন্য কোনো দেশের জন্য খেলতে পারবেন না। তাই আমার যে পাকিস্তান অধ্যায় ছিল, সেটা এখন শেষ।’
এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলেছিলেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে অংশ নেওয়া আজহার প্রথমে পাঞ্জাব কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরে কলকাতা নাইট রাইডার্সের হয়েও কয়েকটি ম্যাচ খেলেন। আজহারের উদাহরণ টেনেই আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!