চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। টুর্নামেন্টে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে গিয়ে পেছনে ফেলেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে।
মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ের ম্যাচে সপ্তম মিনিটে গোল করেন ইয়ামাল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে করা এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে। এর আগে কিশোর বয়সে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডটি ছিল এমবাপের। ২০১৭ সালে মোনাকোর হয়ে এই কীর্তি গড়েছিলেন ফরাসি তারকা।
মাত্র ৩৭ ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল করেছেন ইয়ামাল। টুর্নামেন্টের ইতিহাসে আরও বেশ কয়েকটি রেকর্ড রয়েছে এই স্প্যানিশ ফুটবলারের। মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছিল তাঁর। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ডটিও তাঁর দখলে।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট করার কৃতিত্বও রয়েছে ইয়ামালের। এ ছাড়া টুর্নামেন্টের সেমিফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করেছেন তিনি। ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে পাঁচটি এবং ১৯ বছর বয়সের আগে ১১টি গোল করে বয়সভিত্তিক গোলের তালিকাতেও রেকর্ড গড়েছেন এই তারকা।
তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটি আর ইয়ামালের দখলে নেই। চলতি বছরের শুরুতে তাঁর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ম্যাক্স ডাউম্যান।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি নতুন মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। ব্যালন ডি’অরের লড়াইয়ে হ্যারি কেইন ও এমবাপের পর তৃতীয় হয়েছিলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তাঁর গোল ১৩টি, অ্যাসিস্ট ১১টি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!