খেলাধুলা

ব্রাজিলে এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড, ভাঙল আর্জেন্টিনার বিশ্বরেকর্ড

আপডেট: নভে ০৫, ২০২৬ : ০৬:০১ এএম ২ ০
ব্রাজিলে এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড, ভাঙল আর্জেন্টিনার বিশ্বরেকর্ড

ফুটবল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড গড়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল। দেশটির মিনাস জেরাইস অঞ্চলে মামোরে ও উবেরলান্দিয়ার মধ্যকার এক ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে বহিষ্কার করেছেন রেফারি। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল আর্জেন্টিনার।

গত রোববার অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিকের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় পরবর্তী সময়ে ৪০ জন খেলোয়াড় ও আটজন কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়। এর আগে ম্যাচ চলাকালে আরও তিন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে বহিষ্কারের সংখ্যা দাঁড়ায় ৫৩।

সংঘর্ষের কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ ছিল। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঘটনার পর দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। অভিযোগ অনুযায়ী, উবেরলান্দিয়ার কর্মকর্তারা মামোরের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছেন। অন্যদিকে মামোরের দলের সদস্যরা স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালিয়েছেন।

গোল উদ্‌যাপন থেকে সংঘর্ষের সূত্রপাত

রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, মামোরের তৃতীয় গোল উদ্‌যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি করেন দলটির ফুটবলার দাভি। এ সময় উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস তাঁকে মোকাবিলা করতে মাঠে ঢুকে পড়েন। এরপরই দুই দলের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বিভিন্ন ব্যক্তি হত্যাসহ নানা ধরনের সহিংসতার হুমকি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন রেফারি। এ ঘটনায় পরে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন তিনি।

আগের রেকর্ড ছিল আর্জেন্টিনার

এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের পর রেফারি ওই কার্ডগুলো দেখান। এত দিন সেটিই ছিল এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড।

ব্রাজিলের মামোরে ও উবেরলান্দিয়ার ম্যাচে ৫৩ জনকে বহিষ্কারের ঘটনায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!