খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

আপডেট: নভে ০৬, ২০২৬ : ০৫:৩১ এএম ৮ ০
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে জাতীয় দলের হয়ে ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।

পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে পুরুষ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে অবসরের ঘোষণা দেন রোনালদো। ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ছবি ও ভিডিওর সঙ্গে তিনি বলেন, ‘পর্তুগালের মানুষ, জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে।’

২৩ বছর ধরে জাতীয় দলের জার্সি পরার অভিজ্ঞতা তুলে ধরে রোনালদো বলেন, ‘আমি কখনোই মনে করিনি জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে নিজের সঙ্গে বহন করার সুযোগ ও দায়িত্ব আমার ছিল।’

ভবিষ্যৎ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া হয় না, হৃদয় দিয়েও নিতে হয়।’

রোনালদো আরও বলেন, ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া যে যাত্রা তাঁর জীবন চিরতরে বদলে দিয়েছিল, আজ তার সমাপ্তি ঘটল।

আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদোর সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়। ফ্রান্সে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে চোটের কারণে মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল।

পর্তুগালের জার্সিতে দীর্ঘ সময় ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন রোনালদো। তাঁর নেতৃত্ব ও গোল করার সামর্থ্য জাতীয় দলকে আন্তর্জাতিক ফুটবলে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!