ক্রিকেটে চার বলে চার উইকেট নেওয়ার ঘটনা বিরল হলেও একেবারে নতুন নয়। এবার সেই কীর্তি গড়েছেন ভারতের নারী দলের বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। ভারতের উইমেন’স সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে চার বলে চার উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী এই স্পিনার। সব মিলিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার বলে চার উইকেট নেওয়ার নজির আগে গড়েছিলেন হুমায়রা কাজী। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। বৈষ্ণভি হলেন এ তালিকার দ্বিতীয় বোলার।
ম্যাচে নিজের প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন বৈষ্ণভি। এরপর ইনিংসের ১৯তম ওভারে আবারও বোলিংয়ে আসেন তিনি। ওভারের শুরুতে ৬ রান দিলেও শেষ চার বলে প্রতিপক্ষের চার ব্যাটারকে সাজঘরে ফেরান এই স্পিনার। প্রথম তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ বলেও উইকেট নিয়ে চার বলে চার শিকারের বিরল কীর্তি গড়েন।
আন্তর্জাতিক ক্রিকেটেও দারুণ ফর্মে
বৈষ্ণভির পারফরম্যান্স অবশ্য এই ম্যাচেই সীমাবদ্ধ নয়। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ভারতের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এসব ম্যাচে ওভারপ্রতি ৬ দশমিক ২৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজেও দারুণ বোলিং করেছেন তিনি। দুই ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও বৈষ্ণভির রয়েছে বিশেষ কীর্তি। ২০২৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে চার ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ওই আসরে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার পাশাপাশি সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেন এই ভারতীয় স্পিনার।
এ ছাড়া ভারতীয় বোলার হিসেবে ইনিংস ও ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ডও রয়েছে তাঁর। ২০২৪-২৫ মৌসুমের সিনিয়র উইমেন’স মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে এক ইনিংসে ৫০ রানে ৮ উইকেট এবং পুরো ম্যাচে ১২৮ রানে ১৪ উইকেট নিয়েছিলেন বৈষ্ণভি।
মাত্র ২০ বছর বয়সেই একের পর এক কীর্তি গড়ে ভারতীয় ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন এই বাঁহাতি স্পিনার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!