ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। দ্বিতীয় ও শেষ টেস্টে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় সাজানো ইনিংসটি খেলেন হৃদয়। তাঁর ২৪২ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করে রেকর্ডটি গড়েছিলেন মুশফিকুর রহিম।
নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম বাংলাদেশি ব্যাটারও হয়েছেন হৃদয়। সব মিলিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিশতক করা চতুর্থ ব্যাটার তিনি। তাঁর আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ছক্কা ও বাউন্ডারিতে নতুন রেকর্ড
হৃদয়ের ইনিংসে ছিল ১১টি ছক্কা। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এই তালিকায় তাঁর ওপরে আছেন ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়াল। দুজনেরই এক ইনিংসে ১২টি করে ছক্কা মারার রেকর্ড রয়েছে।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে সাতটি ছক্কা মেরেছিলেন তিনি।
বাউন্ডারি থেকে রান সংগ্রহেও নতুন রেকর্ড গড়েছেন হৃদয়। তাঁর ইনিংসে চার ও ছক্কা থেকে এসেছে মোট ১৫৪ রান। বাংলাদেশের কোনো ব্যাটারের টেস্ট ইনিংসে বাউন্ডারি থেকে এটাই সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে ৩১টি চারের সাহায্যে ১২৪ রান করেছিলেন সাকিব আল হাসান।
দলের রানের ৬২ শতাংশই হৃদয়ের
বাংলাদেশের ৩৮৬ রানের ইনিংসে হৃদয়ের অবদান ২৪২ রান, যা দলের মোট সংগ্রহের ৬২ দশমিক ৬৯ শতাংশ। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের মোট রানের মধ্যে কোনো ব্যাটারের সর্বোচ্চ শতকরা অবদানের রেকর্ড এটি।
এর আগে রেকর্ডটি ছিল লিটন দাসের। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৪৩ রানের ইনিংসে ২৫ রান করেছিলেন তিনি। দলের মোট রানের ৫৮ দশমিক ১৩ শতাংশ ছিল লিটনের অবদান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন হৃদয়ের। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের করা ১৭১ রান ছাড়িয়ে গেছেন তিনি।
শেষ তিন উইকেটে রেকর্ড জুটি
৬ উইকেটে ১৮৪ রান নিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে নিচের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন হৃদয়। সপ্তম উইকেট হারানোর পর শেষ তিন উইকেটে ২০২ রান যোগ করে বাংলাদেশ। টেস্ট ইনিংসে শেষ তিন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল দলটি।
এক দিনে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। শনিবার দিনের খেলা শুরু করেছিলেন ২৯ রানে অপরাজিত থেকে। দিন শেষে তাঁর সংগ্রহে যোগ হয় আরও ২১৩ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনে ২১২ রান করে এই রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান।
সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের এই ২৪২ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!