বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা মিসরের কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর বিরুদ্ধে ফিফার তিন ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্কও সামনে এসেছে। তবে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ বিস্তারিত জানায়নি মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, হোসাম হাসান দলের ইতিবাচক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছেন। দলের স্থিতিশীলতা বজায় রাখাকে এখন তাদের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিসর। ম্যাচটির পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন কোচ হোসাম হাসান ও মিসরের তারকা ফুটবলার মোস্তফা জিকো। এ ঘটনায় ফিফা হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করে।
এদিকে মিসরের কিংবদন্তি ফুটবলার মোহামেদ সালাহর সঙ্গে কোচের মতবিরোধের খবরও সামনে এসেছিল। এ নিয়ে গুঞ্জন ছিল, বিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন লিভারপুলের সাবেক এই তারকা। তবে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোসামের ব্যক্তিগত জীবন ঘিরে সাম্প্রতিক বিতর্কও তাঁর বরখাস্তের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
গত সপ্তাহে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন হোসাম হাসানকে সব ধরনের গণমাধ্যমে উপস্থিত হওয়া থেকে নিষিদ্ধ করে। জাতীয় দলের কোনো কোচের বিরুদ্ধে এমন সিদ্ধান্তকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।
এর আগে হোসাম ও তাঁর বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে সাবেক স্ত্রী হুবাইদা ও সন্তানদের বিরোধের খবর প্রকাশিত হয়। মিসরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর উপকূলের একটি হোটেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে না পেরে হোসাম অজ্ঞান হয়ে পড়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২০২৪ সালে মিসর জাতীয় দলের কোচের দায়িত্ব পান হোসাম হাসান। দেশটির হয়ে খেলোয়াড়ি জীবন পার করা এই কিংবদন্তি প্রথম সাবেক খেলোয়াড় হিসেবে জাতীয় দলের কোচ হন। তাঁর অধীনেই বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে মিসর।
হোসামকে সরিয়ে দ্রুতই নতুন কোচ নিয়োগ দিয়েছে মিসর। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন আলী মাহের। তিনি মিসরীয় প্রিমিয়ার লিগের ক্লাব সেরামিকা ক্লিওপেট্রার কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে লিগে চতুর্থ স্থানে রয়েছে দলটি।
নতুন কোচের সামনে এখন বড় চ্যালেঞ্জ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্ব। আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের বিপক্ষে খেলবে মিসর। বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বর্তমানে শীর্ষে রয়েছে দলটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!