আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে আর মাঠে দেখা যাবে না—এমন ধারণার মধ্যেই নতুন সম্ভাবনার কথা জানা গেছে। আগামী জানুয়ারিতে প্রাক্-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের বিপক্ষে খেলতে পারে ইন্টার মায়ামি। ম্যাচটি হলে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবারও দেখা যাবে মেসিকে, তবে এবার জাতীয় দলের নয়, মায়ামির জার্সিতে।
ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ কিলি গঞ্জালেজ। তাঁর ভাষ্য অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় ভাগে মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, জানা যায়নি বিস্তারিত সূচিও।
শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর এ বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘আমার জন্য, সেই পরিস্থিতি নিশ্চিত।’
প্রাক্-মৌসুমে আর্জেন্টিনার মাঠে খেলার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘এটার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই রিভার প্লেটের মতো আর্জেন্টিনার দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় ভালো। কিন্তু সেটা ঘটার আগে অনেক পথ বাকি আছে।’
মেসির জন্য বিশেষ ম্যাচ
গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন মেসি। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের জাতীয় দলের জার্সিতে সেটিই ছিল শেষ ম্যাচ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানুয়ারিতে প্রস্তাবিত ম্যাচটি অনুষ্ঠিত হলে প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাবের হয়ে খেলবেন মেসি। ফলে ম্যাচটি তাঁর জন্য বিশেষ তাৎপর্য বহন করবে।
এদিকে ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত তথ্যের অপেক্ষায় রয়েছে রিভার প্লেটও।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!