আইন-আদালত

বয়স বিবেচনায় খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট

আপডেট: মার্চ ১৫, ২০২৬ : ০৫:০৫ এএম ১৭
বয়স বিবেচনায় খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার প্রকাশিত এক রায়ে হাইকোর্ট বলেন, ৮১ বছর বয়সী এই সাবেক প্রধান বিচারপতিকে মানবিক দিক বিবেচনায় জামিন দেওয়া হয়েছে। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সাত পৃষ্ঠার ওই রায় দেন।

এর আগে গত ৪ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতিসহ চার মামলায় খায়রুল হককে জামিন দেন একই বেঞ্চ।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় পৃথক দুটি মামলা হয়।

এদিকে বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে গত বছরের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। ওই মামলায় খায়রুল হকসহ আটজনকে আসামি করা হয়।

এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। গত ১১ মার্চ রাজউকের প্লট গ্রহণসংক্রান্ত দুদকের মামলায়ও তাঁকে জামিন দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

তবে যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না খায়রুল হক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!