আইন-আদালত

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:৩২ এএম
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বিচার বিভাগের সব ধরনের দুর্নীতির শেকড় উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন, বিচার বিভাগীয় সচিবালয় আইন এবং ‘জুলাই সনদ’ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন রয়েছে। এসব বিষয় যথাযথ যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ‘অনেকে বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। কিন্তু বিএনপি এই সনদের চেতনা ধারণ করে। তবে এর কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, এ বিষয়ে দল যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করা হবে।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে না। বরং সব ধরনের অনিয়ম দূর করে একটি স্বচ্ছ ও কার্যকর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার কাজ করছে।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এর আগে আইনমন্ত্রী যশোর শহরের কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন। পরে তিনি শহরের পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!