আইন-আদালত

নিম্ন আদালত তদারকিতে হাইকোর্টের ১৩ বিচারপতি

আপডেট: মে ০২, ২০২৬ : ০৫:৩৭ এএম ১৩
নিম্ন আদালত তদারকিতে হাইকোর্টের ১৩ বিচারপতি

দেশের আট বিভাগে অধস্তন আদালতের কার্যক্রম তদারকির জন্য নতুন করে ১৩টি মনিটরিং কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। এসব কমিটির নেতৃত্বে হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে বিভাগভিত্তিক পৃথক মনিটরিং কমিটি পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী বরিশাল বিভাগের তদারকিতে থাকবেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন। রাজশাহী-২ বিভাগের (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ) দায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। ঢাকা-১ বিভাগের (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল) দায়িত্বে রয়েছেন বিচারপতি জে বি এম হাসান।

খুলনা-১ বিভাগের (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল) দায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া। খুলনা-২ বিভাগের (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা) দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. জাফর আহমেদকে।

ময়মনসিংহ বিভাগের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা) দায়িত্বে থাকবেন বিচারপতি রাজিক আল জলিল। ঢাকা-২ বিভাগের (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর) তদারকির দায়িত্ব পেয়েছেন বিচারপতি ফাতেমা নজীব।

চট্টগ্রাম-১ বিভাগের (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) দায়িত্বে রয়েছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান। রংপুর-১ বিভাগের (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট) দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারকে।

চট্টগ্রাম-২ বিভাগের (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) দায়িত্বে থাকবেন বিচারপতি আহমেদ সোহেল। রাজশাহী-১ বিভাগের (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর) দায়িত্ব পেয়েছেন বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।

রংপুর-২ বিভাগের (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী) দায়িত্বে আছেন বিচারপতি কে এম হাফিজুল আলম। আর সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. আতাবুল্লাহকে।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো আট বিভাগের জন্য আটজন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ২০২৩ সালের অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে ১৩ করা হয়। গত বছরের এপ্রিলেও কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!