বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে এক ছাত্রদল কর্মীকে গুলিবিদ্ধ করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্তে আরও ১২৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র জমা দেন। তিনি বলেন, “তদন্তে ৪০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ১২৭ জন ঘটনার সময় এলাকায় ছিলেন না, তাই তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।”
অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ দলীয় ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার ময়ূর ভিলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে মৃত ভেবে ফেলে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন আহত আশিক।
অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনাসহ শীর্ষ নেতাদের নির্দেশনা ও ষড়যন্ত্রে সারা দেশে ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংসতা চালানো হয়।
মামলার বিষয়ে আদালত পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!