আইন-আদালত

‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই

আপডেট: মে ১১, ২০২৬ : ০৬:২৬ এএম
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান–এর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই পুনর্নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১১ মে) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অভিযোগপত্র অনুযায়ী, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালে একটি কোরবানির ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন তার পরিবারের সদস্যরা, যা পরবর্তীতে ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিতি পায়। সেই ঘটনার পর মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের বিষয়ে আলোচনা শুরু হয়।

পরে দুদকের অনুসন্ধানে ঢাকাসহ বিভিন্ন স্থানে তার নামে জমি, ফ্ল্যাট, রিসোর্ট ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকানার তথ্য পাওয়া যায় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!