আইন-আদালত

ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ

আপডেট: মে ২১, ২০২৬ : ০৫:৩৬ এএম
ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ

জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (২১ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার এ আদেশ দেন। আদালতে আবুল বারকাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান জনতা ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান। মামলার নথি অনুযায়ী, জনতা ব্যাংকে অ্যাননটেক্সের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। গত বছরের ১১ জুলাই তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ মোট ২৩ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, জমি অতিমূল্যায়নসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই ঋণ জালিয়াতি সংঘটিত হয়।

আবুল বারকাত ২০০৯ সালে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে পদ ছাড়েন। তার মেয়াদে একসময় ভালো অবস্থানে থাকা ব্যাংকটি পরে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!