আইন-আদালত

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৬:১৬ এএম
বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ছয়জন কাউন্সিলর এ রিট আবেদন করেছেন।

আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

রিটকারীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এসব বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬-এর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে। পরদিন ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুজন পরিচালক দায়িত্ব পাবেন। পরে ২৫ জন পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

রিট আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা গেলে পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!