আইন-আদালত

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষের জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৫:৪৯ এএম
রামিসা হত্যা মামলা: আসামিপক্ষের জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের জেল আপিল শুনানির জন্য মামলার পেপার বুক প্রস্তুত করা হয়েছে। এটি এখন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যেকোনো সময় এ মামলার শুনানি শুরু হতে পারে।

এর আগে ৭ জুন পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

আদালতের রায়ে বলা হয়, অর্থদণ্ড ভিকটিমের আইনগত উত্তরাধিকারীকে প্রদান করতে হবে। অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে তা পরিশোধের নির্দেশও দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, হত্যার আগে ধর্ষণ ও গুরুতর জখমের প্রমাণ পাওয়া গেছে এবং আসামিদের স্বীকারোক্তি প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় তা বিবেচনায় নেওয়া হয়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!