জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু-এর রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যরা। এর আগে গত ১৪ মে যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষে উভয় পক্ষের শুনানি শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এ মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়া শহরে শ্রমিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ ছয়জন নিহত হন এবং অনেকে আহত হন। এ ঘটনায় উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট আটটি অভিযোগ আনা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!