আইন-আদালত

রাজনৈতিক বিভেদ নয়, আইনজীবীদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

আপডেট: জুলা ২২, ২০২৬ : ০৪:১৫ এএম
রাজনৈতিক বিভেদ নয়, আইনজীবীদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে আইনজীবীদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সামার কনভেনশন-২০২৬ ও সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, আঞ্চলিক আইনজীবী সংগঠনগুলো আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব সংগঠনকে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে আইনজীবীদের পেশাগত স্বার্থ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সমাজে বিভাজনের পরিবর্তে ঐক্য, সহনশীলতা ও পুনর্মিলনের সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রবীণ ও নবীন আইনজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং সহযোগিতার পরিবেশ তৈরিতে সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির উদ্যোগের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, সংগঠনটিকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে, যাতে আইনজীবীদের পেশাগত উৎকর্ষ ও কল্যাণ নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, খুলনা বিভাগ থেকে প্রতিবছর অনেক মেধাবী আইনজীবী, বিচারক ও আইন কর্মকর্তা দেশের বিচারব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ধারা অব্যাহত রাখতে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব পালনে পেশাগত সততা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি, ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপি, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা বাদল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!