আইন-আদালত

শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট: জুলা ২৭, ২০২৬ : ০৬:১১ এএম
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

অভিযোগপত্র দাখিলের সময় প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম ও মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তাদের আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক ও জাবেদ পাটোয়ারী, সাবেক র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আরও অনেকে।

প্রসিকিউশন জানিয়েছে, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয়। পরে তা পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!