আইন-আদালত

জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

আপডেট: আগ ০১, ২০২৬ : ০৫:১৪ এএম
জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোর অধিকাংশ সংস্কার সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো পর্যালোচনা ও সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সব সংস্কারই বর্তমান সরকার গ্রহণ করেছে। যেগুলো এখনো বাকি রয়েছে, সেগুলো প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি দেশে এলে আদালতের মুখোমুখি হবেন। এ ক্ষেত্রে আইনের বাইরে সরকার কোনো পদক্ষেপ নেবে না।

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী বা আদালতের কার্যক্রম নিয়ন্ত্রণ করে না। ঘটনায় মামলা হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত চলবে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!