সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির পদে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়মিত গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি পরিবর্তনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী, তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল।
তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগে, গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে সভাপতির পদে পরিবর্তন আনা হয়। নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে।
রিটে দাবি করা হয়, কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে এ পরিবর্তন আনা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সমালোচনা শুরু হয় এবং বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
সভাপতি পরিবর্তনের আদেশ পাওয়ার পর ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শকের কাছে আইনি নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহারের দাবি জানান। নোটিশের কোনো জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ পরিদর্শক এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!