আইন-আদালত

মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৬:১৭ এএম
মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড

মেডিয়েশন বা মধ্যস্থতা পদ্ধতিতে মামলা নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসকে ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির অনুমোদনের পর এ বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আল ইমরান খান স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্রাথমিক পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর), বিশেষ করে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধান বিচারপতি সদয় অনুমতি দিয়েছেন।

যেসব মামলায় মধ্যস্থতা করা যাবে

সার্কুলারে কোন কোন আইনের কোন ধারার মামলায় মেডিয়েশন বা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে, তা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ধারা ৫ এবং পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ধারা ৫। এ ছাড়া যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ধারা ৩ ও ৪ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ১১(গ)-এর মামলাও এ প্রক্রিয়ার আওতায় থাকবে।

পেনাল কোডের ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১ ও ৫১১ ধারায় দায়ের হওয়া মামলাও মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা যাবে।

এ ছাড়া দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ১৮৭৭-এর ধারা ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ এবং দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ধারা ১৩৮-এর অধীনে দায়ের হওয়া মামলাও এ ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

মামলাজট কমবে, সুফল পাবেন মানুষ

সুপ্রিম কোর্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী।

তিনি বলেন, প্রধান বিচারপতি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। মেডিয়েশন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে দেশের বিচার বিভাগে মামলাজট কমে আসবে এবং এর সুফল সাধারণ মানুষ ভোগ করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!