আইন-আদালত

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি

আপডেট: আগ ১৮, ২০২৬ : ০৫:৫৫ এএম
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে এক দিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ। পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এ উদ্যোগ বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগে পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি হওয়া গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ করে এক দিনে ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া প্রশংসনীয়।

মামলা জট নিরসনে এ ধরনের কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট প্রশাসনকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান হওয়া এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরও সহজ, দ্রুত ও কার্যকর হওয়া প্রয়োজন। এ কাজে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে এক দিনে ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।

তিনি জানান, পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম চলছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থায় গতি আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা আরও জানান, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিনের পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এরপর প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়।

পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!