ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনিরসহ অন্য আইনজীবীরা।
২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসাছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।
নারী ও শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয় হাইকোর্ট। এর অংশ হিসেবে গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার শুনানির জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন।
বিশেষ এই বেঞ্চের মামলাগুলো পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি টিমও গঠন করা হয়। এর ধারাবাহিকতায় নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হওয়ার পর আগামীকাল রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।
No comments yet. Be the first to comment!