আইন-আদালত

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

আপডেট: আগ ৩০, ২০২৬ : ০৫:৩৭ এএম
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, তা নিয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শনিবার ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে।

এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি

বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি বাস্তবায়ন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, ই-জুডিশিয়ারি চালুর বিষয়ে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে।

আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এর আগে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!