আইন-আদালত

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

আপডেট: অক্টো ০৮, ২০২৬ : ০৫:৩৭ এএম ১১ ০
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

নিরাপত্তার স্বার্থে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের আদালতকক্ষে বিচারকার্য পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এ কারণে এর আগেও সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি নজরে এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!