আইন-আদালত

মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক্‌-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৫:৫২ এএম ৯ ০
মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক্‌-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী

আদালতে মামলার চাপ কমানো এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক্‌-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পরীক্ষামূলক প্রকল্পের সাফল্যকে স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপ দিতে সরকার প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে এক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের শিরোনাম ছিল ‘নতুন প্রাক্‌-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’।

আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষ অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে। লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক্‌-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর, দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করছে। মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হলে এই চাপ কমবে।

প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, যোগ্য মধ্যস্থতাকারী ও আস্থাশীল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে অনেক মানুষ মামলা-মোকদ্দমার পরিবর্তে আলোচনা ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য অংশ প্রাক্‌-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এতে নতুন মামলা দায়েরের হার কমার পাশাপাশি আদালতের ওপর চাপও কমছে।

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাণিজ্যিক আদালত আইন

সম্মেলনে বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশের বিচারিক বা আইনগত প্রক্রিয়ায় অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। আদালত বা আইনি প্রক্রিয়ার অপব্যবহার কোনোভাবেই অনুমোদন করা উচিত নয়।

বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহযোগিতা ও অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনমন্ত্রী। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতিকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। জাইকাকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস। বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।

এ ছাড়া প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের অর্জন ও প্রাক্‌-মামলা মধ্যস্থতা কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।

সম্মেলনে এ কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও দেশব্যাপী সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা, লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী, জাইকার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!