কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় চালক পালিয়ে যান।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বাস টার্মিনালে অভিযান চালায়। সে সময় ঢাকাগামী একটি স্লিপার বাস যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকের চালানটি জব্দ করে বাসটির হেলপার শেখ রাতুলকে (২৩) গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!