নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৃথক অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় ও জামালপুর এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক দল এ অভিযান পরিচালনা করছে।
দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করেছে। অভিযান শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
পাউবোতে ঠিকাদারি নিয়ে অভিযোগ
দুদক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্বার্থের সংঘাতসংক্রান্ত বিধান উপেক্ষা করে তাঁর বাবার মালিকানাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকল্পের কাজ দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই শতভাগ বিল তুলে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের একটি দল নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে অভিযান চালাচ্ছে।
পাসপোর্ট অফিসে হয়রানি ও ঘুষের অভিযোগ
অন্যদিকে, জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সেবা নিতে আসা মানুষকে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে।
অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জামালপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ওই পাসপোর্ট অফিসে এনফোর্সমেন্ট অভিযান চালায়।
দুদক জানিয়েছে, দুই অভিযানে সংগৃহীত তথ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!