নতুন বছরের প্রথম প্রভাতে উৎসবের রঙে রাঙা হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিল-এ গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসন-এর সংসদ সদস্য আবু সুফিয়ান। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে নগরের ডিসি হিল, সিআরবি শিরিষতলা ও শহীদ মিনার এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় জমতে থাকে। লাল-সাদা পোশাকে সেজে পরিবার-পরিজন নিয়ে বর্ষবরণে অংশ নেন নগরবাসী।
শোভাযাত্রা শেষে ডিসি হিল ও আশপাশ এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। একই সময়ে সিআরবি শিরিষতলাতেও গান, নৃত্য ও লোকজ আয়োজন চলবে।
এ ছাড়া কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা বৈশাখী আলপনা নগরবাসীর দৃষ্টি কেড়েছে। রঙিন এই সজ্জা উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।
শোভাযাত্রায় অংশ নেওয়া এক সংস্কৃতিকর্মী জানান, করোনা মহামারি ও রমজানের কারণে কয়েক বছর বৈশাখের আয়োজন সীমিত ছিল। এ বছর তাই অংশগ্রহণ ও আগ্রহ দুটিই বেশি।
বর্ষবরণ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!