সারাদেশ

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট

আপডেট: জুলা ০৭, ২০২৬ : ০৫:২৪ এএম ১২৫ ০
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। তবে সম্প্রসারিত এলাকায় প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার পর সেখানে কর নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

সোমবার দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে মসিকের প্রশাসক রোকনুজ্জামান রোকন বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। নতুন অর্থবছরে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা।

বাজেট বক্তব্যে প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কাজের প্রয়োজনে প্রতিদিন আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ ময়মনসিংহ নগরীতে আসেন। ফলে জনসংখ্যার চাপের সঙ্গে নাগরিক সেবার চাহিদাও বাড়ছে। কিন্তু শিল্পপ্রতিষ্ঠান ও বড় বাণিজ্যিক কেন্দ্রের অভাবে স্থানীয় রাজস্ব আয় সীমিত থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, নতুন কর আরোপের কোনো পরিকল্পনা নেই। সম্প্রসারিত এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত হওয়ার পরই সেখানে কর নির্ধারণ করা হবে।

নগর উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে। একসময় দখল ও ময়লায় ভরাট হয়ে যাওয়া আকুয়া ও গোহাইলকান্দি খালে আবার পানিপ্রবাহ স্বাভাবিক হয়েছে। ফলে চলতি বর্ষায় সাময়িক জলজট হলেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসী অনেকটাই মুক্ত রয়েছে।

তিনি আরও জানান, ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কারের জন্য সাড়ে পাঁচশ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বস্তি উন্নয়ন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!