চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নতুন এ কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা এবং বারাকা গ্রুপ ও পিআইডিজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের এ বিনিয়োগ আন্তর্জাতিক অংশীদারত্ব ও বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে।
তিনি বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকল্পটি দুই বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সরকারের সঙ্গে প্রকল্পটির চুক্তির মেয়াদ ২০ বছর। তাঁদের মতে, এ উদ্যোগ দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানিতে রূপান্তরকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্প বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখার জন্য পিআইডিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি বিনিয়োগ আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারের ২০৩০ সালের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের প্রত্যয়ও জানান তিনি।
অনুষ্ঠানে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠানের পরিচালক নাঈম আহমদ চৌধুরী সমাপনী বক্তব্যে অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পিআইডিজির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন উপস্থিত ছিলেন।
আরএস-
No comments yet. Be the first to comment!